ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন সোমবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির সংলগ্ন টিঅ্যান্ডটি স্কুলের সামনে হাতবোমা বিস্ফোরণে হাদিউল ইসলাম (৩০) নামে আয়কর বিভাগের এক কর্মচারী আহত হয়েছেন।
হাদিউল ইসলামের সহকর্মী সাইদুজ্জামান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্কুলের সামনে দিয়ে হাদিউল হেঁটে যাওয়ার সময় তার কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।”
স্পিøন্টারবিদ্ধ হাদিউলকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাদিউল কর অঞ্চল-১৪’র অফিস সহকারী বলে জানান সবুজ।
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমা বিস্ফোরণের খবর তিনি পেয়েছেন।
তবে তিনি বলেন, এতে কারো হতাহতের কোনো তথ্য তিনি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/০১২৩ ঘ.
bdnews24