সিলেট, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এক কলেজে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ এনে শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার মদন মোহন কলেজের পৌরনীতির শিক্ষক সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে মূখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলাটি করেন রুহুল আমিন তালুকদার নামে এক যুবক।
বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য কতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী।
গত ২৯ নভেম্বর মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর পৌরনীতি পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল ‘বঙ্গবন্ধু কে ছিলেন’। এ প্রশ্নের চারটি উত্তরের একটি ছিল ‘জাতির কলঙ্ক’।
সঠিক উত্তরের পাশাপাশি ওই শব্দবন্ধটি ব্যবহার করায় বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ এনে আওয়ামী প্রজন্ম লীগ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মামলাটি করেন বলে জানান তার আইনজীবী আকমল খান।
তিনি জানান, বিচারক মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।
শিক্ষক ফরিদ উদ্দিন অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন, উচ্চ মাধ্যমিক শ্রেণির ‘অনুমোদিত’ একটি বই থেকে তিনি এ প্রশ্নপত্র তৈরি করেন। ওই বইয়েই শব্দবন্ধটি ছিল।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র তৈরির সময় বিষয়টি তার নজরে পড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24