২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মঙ্গলবারের হরতালের সমর্থনে সোমবার রাতে জামাত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মঙ্গলবারের হরতালের সমর্থনে সোমবার রাতে জামাত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এসময় তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয়। এতে ওই সড়কে প্রায় ১০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ আসার আগেই জামাত-শিবিরের নেতাকর্মীরা সটকে পড়ে। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হরতালের সমর্থনে শহরের মাসদাইর এলাকায় ঝটিকা মিছিল বের করে জামাত-শিবিরের নেতাকর্মীরা। ৩০/৪০ জনের ওই মিছিল থেকে হরতালের প্রতি সমর্থন এবং মানবতা বিরোধী অপরাধে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝটিকা মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সটকে পড়ে। শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৩ ঘ.