২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় হামলায় আহত কলেজ ছাত্র হাফিজুল ইসলাম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

বরিশাল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় হামলায় আহত কলেজ ছাত্র হাফিজুল ইসলাম মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। হাফিজুলের পরিবারের অভিযোগ, ধূমপান নিয়ে কথা কাটাকাটির জেরে রোববার আসোয়ার গ্রামের স্থানীয় কয়েকজন যুবক হাফিজুলকে কুপিয়ে জখম করে। আসোয়ার গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে হাফিজুল ইসলাম (২০) চাখার শেরেবাংলা এ কে ফজলুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। উজিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর সাড়ে ৩টায় ঢাকায় হাফিজুল মারা যান। এ ঘটনায় তার মামী শিমু আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দুইজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি। হাফিজুলের বাবা কাঞ্চন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে ধূমপান করা নিয়ে হাফিজুলের সঙ্গে একই এলাকার সোহেল, ইসলাম, আকবর, সোলায়মান ও সুলতানের বিরোধ হয়। “এরপর এ ঘটনায় সালিশ হয়। কিন্তু তারা তা না মেনে রোববার ১০/১২ জন হাফিজুলকে কুপিয়ে সন্ধ্যায় নদীর তীরে ফেলে রাখে,” বলেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮০৯ ঘ.