হবিগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক যুবকের লাশ পাওয়া গেছে, ট্রেনে কাটা পড়ে যার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার বিকালে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশের কুতুবের চক এলাকার একটি খাল থেকে হরিজন সম্প্রদায়ের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত বাদল রবিদাস (৩৫) সদরের নিজামপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের পুতেন রবিদাসের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ জংশনে মুচির কাজ করতেন।
শনিবার দুপুরের পর থেকে বাদল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) শ্বেতা দেব সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে বাদলের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১০ ঘ.
bdnews24