কক্সবাজার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদীর তীর থেকে সাড়ে এগার হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা চৌধুরী পাড়ায় নাফ নদীর তীর থেকে থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১১ হাজার ৬৫৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শফিক (২২) টেকনাফের লেদা এলাকার কুরবান আলীর পুত্র।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শফিককে গ্রেপ্তার করা হয়। সে মিয়ানমার থেকে এসব ট্যাবলেট এনেছে বলে আমরা ধারণা করছি।
উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এই ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসইউ/১৭১৮ ঘ.
bdnews24