২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 05:12 PM

Updated : 25 Apr 2022, 09:58 PM

অপরাধের মূল উপড়ে ফেলতে প্রশাসনকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, অপরাধীরা কেন অপরাধ করে তার কারণও খুঁজে বের করতে হবে।

শনিবার সন্ধ্যায় যশোরে জেলা আইন-শৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন তথ্য ও প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সদর আসনের এমপি খালেদুর রহমান টিটো, মণিরামপুর আসনের এমপি খান টিপু সুলতান, শার্শার এমপি আফিল উদ্দিন, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এর আগে সকালে চৌগাছা উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ মাঠে যশোর জেলা বেসরকারি প্রাথিমিক শিক্ষক সমিতির সমাবেশে বক্তব্য রাখেন মহীউদ্দীন খান আলমগীর।

এসময় মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। ’৭১ এ যারা দেশের মানুষের ওপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও লুটপাট চালিয়েছিল তাদের এদেশে থাকার অধিকার নেই।

তিনি আরো বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরপর ২০১২ সালের ২৭ নভেম্বর শেখ হাসিনার সরকার সারাদেশের ২৩ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।

এর আগে সকাল ১১টার দিকে মহীউদ্দীন খান আলমগীর যশোর পৌঁছান। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।