নওগাঁ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পত্নীতলা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের চার জন নিহত হয়েছেন।
শনিবার বিকালে নওগাঁ-পোরশা সড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- পোরশার মোড়লডাঙ্গার রতন আলী (৩৬), তার স্ত্রী রোজি (২৫) এবং তাদের দুই মেয়ে রোকেয়া (১০) ও রেবেকা (৭)।
পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রতন আলী তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে পত্নীতলার মধুইল গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বিকাল ৪টার দিকে মাটিন্দর মোড়ে পোরশা থেকে নওগাঁগামী বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
এক মেয়ের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।
পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় পত্নীতলা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24