ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, শিক্ষার প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা সমুন্নত রাখতে হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘হীরক জয়ন্তী মহোৎসব’ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহু জ্ঞানী-গুণী জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রেখে যাচ্ছে।
“শিক্ষা প্রসারে এ বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা সমুন্নত রাখতে হবে। এজন্য ছাত্র শিক্ষক গবেষক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সাবেক ও বর্তমানের এ মিলন মেলার উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আ্যালামনাই, এ আমার অহংকার বটে। আমি আজ এসেছি এই মহামিলন মেলায় আমার দ্বৈত সত্ত্বা নিয়ে।
“আমি একজন অ্যালামনাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির আগে আমি অ্যালামনাই পরিচয়কে গুরুত্ব দিয়েছি। কারণ, বহু স্মৃতি বিজরিত এই বিশ্ববিদ্যালয়ে এসে আমি আবেগাপ্লুত। বহু কথা বহু ব্যথা, বহু আনন্দ এক সাথে এসে ভিড় করছে।”
প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা সংস্কৃতি, জাতীয়তাবোধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সংশ্লিষ্টদের আহ্বান জানান জিল্লুর রহমান।
সকালে পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
গত ৯১ বছরের বেশি সময় ধরে ভাষা আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের ভূমিকা তুলে ধরেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
নতুন-পুরোনোদের মিলন মেলা
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন-পুরোনোদের মিলন মেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় খেলার মাঠ। ১৯৪০ এর দশক থেকে শুরু করে সদ্য অ্যালামনাই হওয়া শিক্ষার্থীরা নেচে গেয়ে দিনটিকে আরো স্মরণীয় করে রাখছেন।
অনেকেই তাদের পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন।
চল্লিশের দশকের অ্যালামনাই মেজবাউল বার চৌধুরী স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, “আমার কেবলই মনে হচ্ছে আমি আমার ছাত্র জীবনে ফিরে এলাম।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম বলেন, “এই অনন্দের কোন ভাষা আমার কাছে নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৯ ঘ.
bdnews24