২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার ধস: ঘাটতি ছিল নিরাপত্তায়

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়াকে দায়ী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়াকে দায়ী করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং তদন্ত কমিটির প্রধান খালেদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। তিনি জানান, ফ্লাইওভারের নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সমন্বয়হীনতা ছিল। পাশাপাশি কারগরি ত্রুটি ছিল বলেও তিনি জানান। তিনি আরো জানান, পরবর্তী নির্মাণ কাজ বিশেষজ্ঞ কমিটির নিদের্শনার মাধ্যমে করার জন্য বলা হয়েছে। এ জন্য কমিটি ১২ দফা নির্দেশনা দিয়েছে। গত শনিবার নির্মাণাধীন এ ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে পড়ে ১৩ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, নিরাপত্তা বেষ্টনি ছাড়া নির্মাণ কাজ করা এবং নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও সিডিএর উদাসীনতা ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সিডিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি এবং রাজউকের চেয়ারম্যানকে প্রধান করে একটি কারিগরী কমিটি করা হয়। এর মধ্যে প্রশাসনের কমিটিই প্রথম প্রতিবেদন জমা দিল। সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএ/এসইউ/২১২২ ঘ.