খাগড়াছড়ি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি নিয়ে সরকার ও পিসিজেএসএস নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা।
পার্বত্য চুক্তির ১৫ বছর পূর্তিতে শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, সরকার ও জেএসএসের পার্বত্য চুক্তির বর্ষপূর্তি পালন জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।
সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) পার্বত্য শান্তিচুক্তির দেড় দশক পূর্ণ হয় এ বছর।
১৯৯৭ সালে এ চুক্তি স্বাক্ষরের শুরু থেকেই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বিরোধিতা করে আসছে।
বিবৃতিতে প্রসিত খীসা বলেন, “পার্বত্য চুক্তি সম্পর্কে ইউপিডিএফ’র বিশ্লেষণ আজ সত্য বলে প্রমাণিত হয়েছে। এ চুক্তি এখন একটি ডেথ লেটারে পরিণত হয়েছে।”
একদিকে সরকারের চুক্তি বাস্তবায়নের প্রতিশ্র“তি, অন্যদিকে জেএসএস’র আন্দোলনের হুমকি ছাড়া পার্বত্য জনগণ গত ১৫ বছরে কিছুই পায়নি।
এ দীর্ঘ সময়ে সরকার যেমন চুক্তি বাস্তবায়ন করেনি, জেএসএসও চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করেনি। উভয়েই নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে, বলেন ইউপিডিএফ নেতা।
তিনি বলেন, জেএসএস সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরিবর্তে আঞ্চলিক পরিষদে থেকে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছে, ইউপিডিএফ ও জেএসএস লারমা গ্র“পের কর্মী-সমর্থকদের খুন করেছে।
তার দাবি, চুক্তির পর থেকে এ পর্যন্ত ইউপিডিএফের ২৩১ জন সদস্য জেএসএস’র হাতে এবং ১৩ জন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
প্রসিত খীসা বলেন, চুক্তি বাস্তবায়ন এখন সরকারের মর্জি ও দয়াদাক্ষিণ্যের উপর নির্ভরশীল। ভূূমি, সেটলার, সেনা প্রত্যাহার, জাতিসত্তার স্বীকৃতি, স্বায়ত্তশাসন এসব ইস্যুগুলোর কোনটিই মীমাংসা করা হয়নি। তাই চুক্তির দেড় দশক পরেও পার্বত্য চট্টগ্রামে শান্তি আসেনি।
এই ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য প্রথাগত ভূমি অধিকার ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, সেটলারদের সমতলে সম্মানজনক পুনর্বাসন ও সেনা প্রত্যাহারসহ পার্বত্য জনগণের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.
bdnews24