গাজীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ কোরীয় একটি তৈরি পোশাক কারখানায় আগুন-আতঙ্কে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকার বিডি হেচং লিমিটেডের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের আশে-পাশের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক সেলিম হোসেন।
শুক্রবার সকাল ৯টার দিকে কারখানার দ্বিতীয় তলার স্যাম্পল সেকশনের আয়রন থেকে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় ধোঁয়া দেখে আতঙ্কিত শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গেলে অন্তত ১৫ জন আহত হন।
সেলিম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও জরুরি শিপমেন্ট থাকায় কারখানার কয়েকটি বিভাগ খোলা ছিল।
এদিকে আগুনের খবর পেয়ে কালিয়াকৈর দমকল কর্মীরা ঘটনাস্থলে গেলেও তাদের কাজ করতে হয়নি বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা অপূর্ব বল।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার সৈয়দ মো. মোমিনুল হক জানান, আয়রন টেবিলের ফোম ও আয়রন বক্সে আগুন লেগে পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬১৬ ঘ.
bdnews24