২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছরেরও শেষ হয়নি গাজীপুরে বোমা হামলার বিচার

গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলার পর সাত বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

গাজীপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলার পর সাত বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার। ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতি কার্যালয়ের দুই নম্বর হল রুমে জেএমবি’র এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় চার আইনজীবীসহ ১০ জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। ওই বোমা হামলার ঘটনায় গাজীপুরে যেসব মামলা হয়েছিল এ পর্যন্ত কোনো মামলারই বিচার কাজ শেষ হয়নি। গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ড. শহীদুজ্জামান জানান, গাজীপুর আদালতে কোনো আইনজীবী এ মামলা পরিচালনায় অংশ না নেয়ায় এ বছরের গোড়ার দিকে মামলাগুলো ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়। তবে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম প্রধান জানান, এ বছরের ফেব্রুয়ারিতে গাজীপুর আদালত থেকে জেএমবি সংক্রান্ত সব মামলা ঢাকায় দ্রুত বিচার ট্রাইবুনাল ৩ ও ৪ এ স্থানান্তরিত হয়েছে এবং বিচার কাজ শুরু হয়েছে। এদিকে ওই আত্মঘাতী বোমা হামলার ৭ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকালে জেলার আইনজীবীরা কোলো ব্যাজ ধারণ করেন এবং সমিতি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বোমা হামলায় নিহতদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং একটি শোক র‌্যালি বের করা হয়। এছাড়া আইনজীবী সমিতি কার্যালয় চত্বরে ওই ঘটনার আলোকচিত্র ও পত্রিকার ক্লিপিং প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭৪৬ ঘ.