২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এগোচ্ছে না চিড়িয়াখানার জমি দখলমুক্তের কাজ

চিড়িয়াখানার বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত অগাস্ট মাসে নির্দেশনা দিয়ে এক মাসের সময় বেধে দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 04:43 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণ থেকে ঢাকা চিড়িয়াখানার প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে সীমানা নির্ধারণের কাজ এগুচ্ছে না। চিড়িয়াখানার বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার করে সীমান প্রাচীর নির্মাণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত অগাস্ট মাসে নির্দেশনা দিয়েছিল। এ কাজের জন্য এক মাসের সময় বেধে দেওয়া হয়েছিল। এ জমি উদ্ধারে সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশের পর গঠিত ত্রিপক্ষীয় কমিটি আড়াই মাস আগে মাত্র দুইবার চিড়িয়াখানা ও দখল হওয়া জমি পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা এ সময় কিছু কাগজপত্র পরীক্ষা করলেও আর কোনো তৎপরতা দেখা যায়নি। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং গঠিত ত্রিপক্ষীয় কমিটির পক্ষ থেকে কাজ এগিয়ে চলছে বলে দাবি করা হয়েছে। সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশনার পর জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে চিড়িয়াখানার জমির সীমানা নির্ধারণে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে প্রধান করা হয় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনকে। কমিটি গত ১১ সেপ্টেম্বর সীমানা নির্ধরিণের কাজ শুরু করেছিল। দুইদিনে কমিটি অবৈধ দখলে থাকা ঢাকা চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজার বিভিন্ন দাগে তিন একর, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এক একর এবং নবাবেরবাগ এলাকায় এক একর জমি ঘুরে দেখেন। এ সময় তারা অবৈধ দখলে থাকা প্রায় ৩০০ কোটি টাকা দামের ওই জমির বৈধ কাগজপত্র পরীক্ষা করে দেখেন। যারা সেখানে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাদের কাগজপত্র দেখানোর জন্য সময়ও দেয়া হয়। পরিদর্শনের সময় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং গণপূর্ত কর্তৃপক্ষের জমির কাগজপত্রসহ কমিটিকে চিঠি দিতে বলা হয় সংশ্লিষ্টদের। কিন্তু আড়াই মাসেও চিড়িয়াখানা ও গণপূর্ত কর্তৃপক্ষ কোন কাগজপত্র বা পরবর্তী বৈঠকের সময় জানিয়ে কমিটিকে চিঠি দেয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিড়িয়াখানা ও গণপূর্ত কর্তৃপক্ষের চিঠির জন্য অপেক্ষা করছে কমিটি। এই দু’টি কর্তৃপক্ষের চিঠি এবং সময় পেলেই কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে। এর আগে তারা আর সেখানে যাবেন না। কাজের আশানুরুপ অগ্রগতি না হওয়ায় উষ্মা প্রকাশ করে চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহিদ উল্লাহ জানান, সম্পত্তি উদ্ধারে গঠিত কমিটি কাজ শুরু করলেও বেশি দূর এগোতে পারেনি। এ অবস্থায় জেলা প্রশাসক পরিবর্তনের পর প্রশাসনকে নতুন করে চিঠি দিতে বলা হয়েছে মন্ত্রণালয় থেকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন করে চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, কমিটি প্রথম দুইদিন এলাকায় যাওয়ার পর আর সেখানে যায়নি। ওই দু’দিন স্থানীয়রা কিছু কাগজপত্রসহ আপত্তিও জমা দেয় কমিটির কাছে। কমিটির কাজে গতিশীলতা থাকলে এতদিন কাজ শেষ হতো, কিন্তু তেমন তৎপরতা না থাকায় তা শেষ হয়নি। কিউরেটর জানান, সকলের দাবির পক্ষে নথিপত্র ও নকশাগুলো নেওয়া হবে। এগুলো ডিজিটাল মেশিনে পরীক্ষা করে সীমানা চিহ্নিত করা হবে। সীমানা নিশ্চিত করে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিতদের নিজে থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হবে। তারা না সরলে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। এরপরই এতে সীমানা পিলার ও প্রাচীর দিয়ে ওই জমি চিড়িয়াখানার নিয়ন্ত্রণে নেয়া হবে। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিগ্রহণের পর এখনো অনেক সম্পত্তির নিয়ন্ত্রণ পায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর নিয়ন্ত্রণ পেতে ডিজিটাল মেশিনের মাধ্যমে জমি মাপা হচ্ছে। একটু সময় লাগলেও শিগগিরই কাজ শেষ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি নিয়ন্ত্রণে নেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১০৩৬ ঘ.