ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সরকার সমর্থক আইনজীবী সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার।
বুধবার পরিষদের শরিক সংগঠনগুলোর নেতাদের নিয়ে তিনি ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ আখতার উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, জাতীয় আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল আলম বাবর, আইন সমিতির সাবেক সভাপতি আব্দুর নুর দুলাল প্রমুখ।
আব্দুল বাসেত মজুমদার বঙ্গবন্ধু আইনজীবী পরিষদেরও সভাপতি। তিনি সমন্বয় পরিষদের ‘আহ্বায়ক’ হওয়ায় পরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়।
বিভেদের মধ্যে বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের পর গত ২৪ নভেম্বর সরকার সমর্থক আইনজীবী সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দুই ভাগ হয়ে যায়। স্বাধীনতার পর এটাই বার কাউন্সিল নির্বাচনে সমন্বয় পরিষদের প্রথম হার।
ওইদিন আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বাধীন অংশ আলাদা সভা করে কমিটির নতুন আহ্বায়ক হিসাবে তার নাম ঘোষণা করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়।
অন্যদিকে এম আমীর-উল ইসলাম নেতৃত্বাধীন অন্য অংশ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে পাঁচ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
এইচ এম এরশাদের ক্ষমতারোহণের কয়েকমাসের মধ্যে আইনজীবী সমিতি সমূহের সমন্বয় পরিষদ গঠন করা হয়। এরশাদ আমলেই বাসেত মজুমদার একবার পরিষদের সদস্য সচিবও ছিলেন।
শুরু থেকে বিএনপি সমর্থিতরা এই জোটে থাকলেও ১৯৯১ সালের নির্বাচনের পর তারা বেরিয়ে যায়। এরপর এর নাম হয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি সমর্থিত জাতীয় আইনজীবী ফেডারেশনও এই জোটে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২২০৭ ঘ.
bdnews24