২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা: আদালতে প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক নূরে আযম আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক নূরে আযম আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি বলেন, খালাফকে যে স্থানে হত্যা করা হয় সেখানে কোনও রক্তের দাগ তিনি দেখতে পাননি। এ মামলার আরো দুই তদন্ত কর্মকর্তা হচ্ছেন- পুলিশের উপ-কমিশনার (অপরাধ ও তথ্য বিভাগ) ওবায়দুল হক ও পরিদর্শক আজিজুল হক। ওই দুই তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দিতে আগামী ২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। এ মামলার ৩৩ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্যে নূরে আযম আদালকে বলেন, “আমি এ মামলার সাত সাক্ষীর জবানবন্দি রেকর্ড করি। এর মধ্যে জুলফিকার আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন, একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে গুলি করার শব্দ শোনেন তিনি। এরপর ওই গাড়িটি দ্রুত চলে যায়।” খালাফ হত্যায় ব্যবহৃত বুলেটের রাসায়নিক পরীক্ষা করা হয় জানিয়ে নূরে আযম আরো জানান, খালাফ আল আলী ও তার গাড়ি চালকের মোবাইল ফোনের কললিস্ট থেকে তিনি মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। গত ১৫ মার্চ আরো তদন্তের জন্য এ মামলা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিন মামলার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিক। গত ৫ মার্চ রাত ১টার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরে ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌদি দূতাবাসের এই কর্মকর্তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৩০ ঘ.