ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণ করতে না পারায় সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত মহিলা আসনের এক সাংসদ।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে এক প্রশ্নে সরকার দলীয় সাংসদ রওশন জাহান সাথী বলেন, “সংসদ সদস্য ভবনে মশার উপদ্রবে স্থির থাকার উপায় নেই। দরজা জানালা বন্ধ রেখেও পার পাওয়া যাচ্ছে না। রাজধানী শহরের প্রতিটি এলাকায় আরো আশঙ্কাজনক অবস্থান বিরাজ করছে। এ অবস্থায় সিটি করপোরেশন ভূমিকা কুম্ভকর্ণের মতো।”
জবাবে মন্ত্রী বলেন, “মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম। মশক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সর্বদা সচেষ্ট। গত ৮ নভেম্বর থেকে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। ২৯ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।”
বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ হচ্ছে এক হাজার ১৯৮ কোটি ২৩ লাখ টাকা। আর এ বরাদ্দ হলো সংসদীয় আসনের আওতাধীন এলাকার উন্নয়নের জন্য। প্রতিটি সংসদীয় আসনে এ পর্যন্ত গড়ে ১১ কোটি ৮৩ লাখ টাকার স্কিম অনুমোদন করা হয়েছে।
হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে এডিপির সাধারণ বরাদ্দ সিটি করপোরেশন এলাকা ছাড়া জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে ৬১টি জেলা পরিষদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে।
জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থ বছরে পল্লী, নগর ও পানি সম্পদ অবকাঠামো উন্নয়নে শতকরা ১১ দশমিক ৫ ভাগ বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
আশরাফ বলেন, এক্ষেত্রে বরাদ্দের পরিমাণ হচ্ছে চার হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। আর এ বরাদ্দ পূর্ববর্তী বছরের তুলনায় ৫০০ কোটি টাকার বেশি। এছাড়া রক্ষণাবেক্ষণ খাতে গত অর্থ বছরের চেয়ে ১০৫ কোটি ৭৫ লাখ টাকা বাড়িয়ে এবার বরাদ্দ দেয়া হয়েছে ৭৪০ কোটি টাকা।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমান সরকারের আমলে এলজিইডি’র আওতায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৭২টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রতি বছর পল্লী উন্নয়ন খাতে বাজেটের প্রায় ১৮-২২ শতাংশ অর্থ বরাদ্দ প্রদান করা হচ্ছে।
বজলুল হক হারুনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত রাজধানীর ১০৫টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১০৩ ঘ.
bdnews24