২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ বাড়লো

কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল সংসদে পাস হয়েছে। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদে বিলটি উত্থাপন করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়। এর ওপর সংশোধনী প্রস্তাবও নাকচ হয়। এরপর স্পিকার আবদুল হামিদ বিলটি পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠ ভোটে পাস হয়। দেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি পূরণে বিদ্যমান আইনের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করে বিলে সংশোধনী আনা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও গহস্থালী কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ ও জ্বালানির প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ২০১০ সালের ১২ অক্টোবর ২ বছর মেয়াদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল জারি করা হয়। এ আইনের আওতায় বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আইনটির মেয়াদ গত ১১ অক্টোবর উত্তীর্ণ হয়েছে। কিন্তু দেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি পুরোপুরি মেটানো সম্ভব হয় নি। “বিদ্যুত ও জ্বালানির চলমান ঘাটতি পূরণে আরো কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। সেজন্য এ আইনের মেয়াদ বাড়ানো প্রয়োজন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৩৬ ঘ.