ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকার তৎপর বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বন্ধুপ্রতীম দেশটির কাছ থেকে হত্যা বন্ধে প্রতিশ্রুতি আদায়ের পাশাপাশি বিভিন্ন ফোরামে বিষয়টি তোলা হচ্ছে বলে জানান তিনি।
বুধবার সংসদে বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে হত্যার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব পর্যায়ের সম্মেলনে জোর প্রতিবাদ জানানো হয়েছে।
“এ সব সম্মেলনে ভারতের পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেছে।”
“সীমান্ত হত্যা যাতে শূন্যে নামিয়ে আনা যায়, সেজন্য আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে।”
মাহবুবউদ্দিন খোকনের প্রশ্নে বলা হয়, “বাংলাদেশ-ভারত সীমান্ত বিষয়ক যে কোনো বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে সীমান্তে বাংলাদেশি হত্যা করা হয়।”
এর জবাবে শেখ হাসিনা বলেন, “এটি সত্য নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।”
সীমান্তে হত্যার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৬ সালে সীমান্তে বিএসএফের হাতে ৯৫ জন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে ৮৭ জন, বর্তমান সরকারের সময়ে ২০১১ সালে ৪৮ জন এবং ২০১২ সালের ২৮ নভেম্বর পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।
হত্যাকাণ্ড রোধে টহল ও নজরদারি বাড়াতে বিজিবিকে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সরকার প্রধান।
“প্রতিটি বিওপি’তে চারটি করে মোটর সাইকেল দেয়ার পরিকল্পনা নিয়েছি। এর আওতায় ইতোমধ্যে অধিকাংশ বিওপিতে মোটর সাইকেল সরবরাহ করা হয়েছে।”
জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ সম্পূরক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, “এখানে (সীমান্তে) অনেক কারণে (হত্যাকাণ্ড) ঘটে। তা আমি বলতে চাই না, তা নিজেদের ওপর গিয়েই পড়ে। আমরা এজন্য, জনপ্রতিনিধি, সমাজপতি এবং গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনামূলক ব্যবস্থা নিয়েছি।”
সীমান্তে অনুপ্রবেশ বন্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ও ভারতের চার হাজার ১২৬ কিলোমিটার সীমান্তের অমীমাংসিত বিষয়১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আওতায় সমাধান করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
“এই চুক্তির কিছু কিছু বিষয়ে সার্বিক সমাধানকল্পে ২০১১ সালে প্রটোকল স্বাক্ষরিত হয়। এই দুটি দ্বি-পাক্ষিক দলিল ভারতের অনুসমর্থনের পর কার্যকর হলে সীমান্ত হত্যাকাণ্ডসহ সীমান্তে বিদ্যমান অন্যান্য সমস্যার সমাধান হবে।”
ভারতের সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের কারখানা বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া যায় কি না- আব্দুল মতিন খসরুর এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি। কিছু এলাকায় কারখানা ছিল।
“আমরা চিহ্নিত করে ভারত সরকারকে তালিকা দিয়েছি। ভারত সরকার তা বন্ধ করেছে। বিষয়টা এমন- একদিকে বন্ধ করলে আরেকদিকে চালু হয়।”
“আশা করি, মাননীয় সংসদ সদস্য তালিকা দেবেন। তাহলে, আমরা তা ভারতীয় সরকারকে দেব,” যোগ করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24