বরগুনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার তালতলী উপজেলায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার চরপাড়ার একটি ধানক্ষেত থেকে পরীভানুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে নিহতের সাবেক স্বামী মোহাম্মদ ইব্রাহিম এবং তার সহযোগী আবদুস সালাম শরীফ ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
তালতলী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পান বরজে কাজ দেয়ার কথা বলে গত শনিবার সন্ধ্যায় পরীভানুকে বাড়িতে ডেকে নেয় ইব্রাহিমের প্রতিবেশি সালাম শরীফ।
রাতে শরীফসহ কয়েকজন মিলে পরীভানুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ আরো জানায়, সন্দেহভাজন হিসাবে আবদুর রহমান ও সালাম শরীফকে গ্রেপ্তার করলে তারা হত্যার কথা স্বীকার করে এবং লাশ দেখিয়ে দেয়। পুলিশ এ ঘটনায় পরে পরীভানুর সাবেক স্বামী ইব্রাহিমকেও গ্রেপ্তার করে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়বগী ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের রফেজ উদ্দিনের মেয়ে পরীভানুর সঙ্গে ১৮ বছর আগে চরপাড়ার ইব্রাহিমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
চার বছর আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করে এবং পরে পরীভানুকে তালাক দেয়। ওই ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে দুটি মামলা করেন পরীভানু।
মামলা করার কারণেই ইব্রাহিম পরীভানুকে হত্যার পরিকল্পনা করে বলে পুলিশ দাবি করেছে।
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কয়েকজনের নাম বলেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৮৩৬ ঘ.
bdnews24