রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে সিরিজ বোমা হামলার মামলায় সাত জেএমবি সদস্যের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এই দণ্ড দেন।
এই মামলায় দণ্ডিত সবাই জেএমবি সদস্য বলে পুলিশ জানিয়েছে।
রাজাপাড়া থানার ওসি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালের ১৭ অগাস্ট জেএমবি সদস্যরা নগরীর লক্ষ্মীপুর মোড়, জজ কোর্ট, আইনজীবী সমিতি ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে একযোগে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এরা হলেন রাজশাহী গোদাগাড়ী উপজেলার বয়রামারী গ্রামের তরিকুল ইসলাম, চারঘাট মোহননগর গ্রামের এনামূল হক, বাগমারা বিলসিংহ গ্রামের আমানুল্লাহ, সাতক্ষীরার ইটাগাছা গ্রামের শফিউল্লাহ, সিরাজগঞ্জের চরলক্ষ্মীপুর গ্রামের আবু ঈসা, নওগাঁর পরানপুর গ্রামের জহুরুল ইসলাম বাবু এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ফলাডেমা গ্রামের কোরবান আলী।
এদের মধ্যে এনামুল হক, আমানুল্লাহ ও কোরবান আলী পলাতক রয়েছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৪ ঘ.
bdnews24