ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নারীদের জন্য বিআরটিসির আরো চারটি বাস চালু হচ্ছে জানুয়ারি থেকে।
বুধবার বাংলাদেশে ভারতীয় কোম্পানি টাটার নতুন তিন মডেলের গাড়ির বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বর্তমানে নারীদের জন্য ছয়টি বাস মহানগরীতে চলাচল করছে। নতুন বছরে এ বহরে আরো চারটি বাস যোগ হচ্ছে।”
তিনি জানান, ২৯০টি নতুন বাসের চালান এসে পৌঁছেছে। এর মধ্যে ২৫০টি বর্তমানে রাস্তায় চলাচল করছে। বাকিগুলো থেকে চারটি বাস দেয়া হবে নারীদের জন্য।
বিআরটিসি এক সময় ‘অলাভজনক’ প্রতিষ্ঠান ছিল মন্তব্য করে কাদের বলেন, বর্তমান সরকারের অন্তরিকতায় প্রতিষ্ঠানটি এখন ‘লাভজনক’।
আগামী বছর মার্চে বিআরটিসির ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস বিভিন্ন আন্তঃজেলা রুটে নামবে বলেও জানান কাদের।
গণপরিবহন সমস্যা মেটানো বিআরটিসির একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে কাদের বলেন, জানুয়ারি মাসে ঢাকায় এক হাজার নতুন ট্যাক্সিক্যাব নামানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
টাটা গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান নিটোল-নিলয় গ্রুপ রাজধানীর পূবার্ণী হেটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুর্ঘটনা রোধে ইজিবাইক ও নসিমন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা উচিত মন্তব্য করে মন্ত্রী বলেন, “এজন্য জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র ভোটের রাজনীতি না করে ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের কিছু করা উচিত।”
চট্টগ্রামে ফ্লাইওভার দুর্ঘটনা প্রসঙ্গে কাদের বলেন, “আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। তাড়াহুড়ো করে কাজ শেষ করে বিল তোলার জন্যই এটা হয়েছে।”
আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে অগ্নিদুর্ঘটনার প্রসঙ্গ টেনে যোগাযোগমন্ত্রী বলেন, কারখানাটিতে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার থাকলে এত ভয়ঙ্কর অবস্থা হত না।
এই ঘটনায় দোষীদের শাস্তিও দাবি করেন তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়ে নিজের সফলতার বিবরণ তুলে ধরে কাদের বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে একসময় মরণ ফাঁদ বলে পরিচিত ছিল। গত দেড় মাসে এ মহাসড়কে কোন দুর্ঘটনা ঘটেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/আরএ/১৭৫০ ঘ.
bdnews24