ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এ ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বুধবার সকালে ওই তিনজনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম ওয়াসিম শেখ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাজরিনের এই তিন কর্মী হলেন- প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু ও সিকিউরিটি ইনচার্জ আল আমীন।
মঙ্গলবার রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের ওই পোশাক কারখানায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়।
ওপর থেকে লাফ দিয়ে বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক বলেছেন, আগুনের শুরুতে ফায়ার এলার্ম বেজে উঠলেও কর্তৃপক্ষ তাদের বলে, এলার্ম নষ্ট হয়ে গেছে, আগুন লাগেনি। ‘ঠিক করে দিচ্ছি’ বলে কলাপসিবল গেইটে তালা এঁটে দিয়ে কাজ করতে বলা হয় শ্রমিকদের।
অগ্নিসংযোগে প্রাণহানি ও জখম করার অভিযোগে রোববার আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন উপ পরিদর্শক মো. কামরুল ইসলাম। ওই মামলাতে গ্রেপ্তার করেই তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
হেফাজতের আবেদনে বলা হয়, তাজরিনে অগ্নিকা-ের সময় শ্রমিকরা নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করলে আসামিরাসহ কারখানার অন্য দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক ও সময়োপযোগী সহযোগিতা না করায় শ্রমিকরা কারখানা থেকে বের হতে পারেননি। যার ফলে এমন বিভীষিকাময় ঘটনা ঘটে।
আসামিদের ‘তাচ্ছিল্যপূর্ণ’ আচরণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত , ঘটনার সঙ্গে জড়িত আসামিদের নাম ঠিকানা, অগ্নিকাণ্ডের মূল কারণ ও তথ্য, সেইসঙ্গে ঘটনার মূল রহস্য জানার জন্য এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আগুনে তাদেরও মৃত্যু হতে পারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24