ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগরে স্বামীর ‘পরকিয়ায়’ বাধা দেয়ায় স্ত্রী তাসনুরকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে স্বামী মাকসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আইচা থানার ওসি সুলতান আহমেদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
“তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”
“লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্যে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।”
নিহতের মামাতো ভাই নুরন্নবী সাংবাদিকদের জানান, তাসনুরের স্বামী মাকসুদ বাড়ির পাশের এক মহিলার সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল।
“মঙ্গলবার গভীর রাতে তাসনুরকে (৩২) হত্যার ঘটনা ঘটে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪২ ঘ.
bdnews24