২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গত অর্থবছর রেলের লোকসান হাজার কোটি টাকা’

বাংলাদেশ রেলওয়ে গত অর্থবছরে এক হাজার কোটি টাকার বেশি লোকসান গুনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ে গত অর্থবছরে এক হাজার কোটি টাকার বেশি লোকসান গুনেছে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। ২০১১-১২ অর্থবছরে রেলওয়ের লোকসানের পরিমাণ ১ হাজার ৫৯ কোটি ৬৮ লাখ টাকা বলে জানান তিনি। সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, গত ২০১১-১২ অর্থবছরে রেল মোট ৬ কোটি ৬১ লাখ যাত্রী পরিবহণ করেছে। অর্থবছরে রেলওয়ের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫১৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে রেলের আয় ৬২৮ কোটি ৮৮ লাখ টাকা হলেও ওই সময়ে ব্যয় হয়েছে ১ হাজার ৬৮৮ কোটি ৫৬ লাখ টাকা। রেলমন্ত্রী জানান, প্রতিদিন যে তিন ধরনের ১১৪টি ট্রেন চলাচল করছে, তারমধ্যে ৫০টি আন্তঃনগর, ৬২টি মেইল, এক্সপ্রেস, কমিউটার এবং দুটি আন্তঃদেশীয় ট্রেন। সংসদ সদস্য শাহ্রিয়ার আলমের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বছরে জ্বালানি তেলের মূল্য ২৩০ ভাগ বেড়েছে। সে অনুযায়ী সড়ক পথে ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়েনি। একটানা ২০ বছর পর রেলের ভাড়া বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভাড়া বৃদ্ধির পাশাপাশি যাত্রী সেবার মানোন্নয়নে নতুন ট্রেন চালু করা, মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ২৬৪টি মিটার গেজ কোচ ও দুটি ব্রডগেজ সেলুন কেনার পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/২১০০ ঘ.