ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে বিধবা মা-মেয়ে ‘নির্যাতিত’ হওয়ার অভিযোগ উঠার দুই মাস পর এবার তারা ‘গুম’ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও মহিলা আইনজীবী সমিতি’র পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
অধিকারের পক্ষে অ্যাডভোকেট রুহুল আমিন ও মহিলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনও এ সময় উপস্থিত ছিলেন।
ফাহিমা নাসরিন মুন্নী বলেন, আগামী ২৯ নভেম্বর নির্যাতিতা ওই মেয়েকে হাই কোর্টে হাজির করতে গত ১৪ নভেম্বর আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।
তিনি বলেন, এ আদেশের পর গত ১৭ নভেম্বর অধিকার ও মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা নির্যাতিতদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এরপর থেকেই মা ও মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বাড়িতে তালা ঝুলছে।
ঘটনার পর মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার রাজবাড়ী থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নথিভুক্ত করেনি।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানা জিডি গ্রহণ না করায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বলে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। অথচ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের খুঁজে বের করে আদালতে হাজির করা।
বিষয়টি তিনি আদালতের নজরে আনবেন বলে জানান এই আইনজীবী নেতা।
‘৫৪ ধারা, খুনের মামলা তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন’ শিরোনামে গত ২৮ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর বাজবাড়ী শহরের বাসা থেকে এক বিধবা মা ও তার মেয়েকে ধরে নিয়ে যায় কুষ্টিয়া জেলা পুলিশ। তাদেরকে খোকসা থানায় আটকে রাখা হয় দুই দিন দুই রাত। সেখানে মেয়েটি নির্যাতনের শিকার হন। সেখান থেকে তাদেরকে নেয়া হয় জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
গত ১ অক্টোবর ফাহিমা নাসরিন মুন্নী প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করলে হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করে।
এরপর ১৪ নভেম্বর এই মামলায় পরবর্তী আদেশ দেওয়া হয়। আদেশে আগামী ২৯ নভেম্বর সেই নির্যাতিত মেয়েকে হাই কোর্টে হাজির করতে সংশ্লিষ্টদের বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএইচ/এইচএ/২০০০ ঘ.
bdnews24