২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার: মামুনের আবেদনে হাই কোর্টে দ্বিধাবিভক্ত আদেশ

সরকারের অনুমতি না নিয়ে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলার কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অনুমতি না নিয়ে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলার কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) বেঞ্চে আবেদনটির শুনানি হয়। শুনানি শেষে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও কনিষ্ঠ বিচারপতি রুল জারি না করে আবেদনটি খারিজ করে দেন। গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়ীক অংশীদার। তারেকও এই মামলার আসামী। এই মামলা চলতে পারে না মর্মে আর্জি নিয়ে আইনগত প্রশ্নে তারেক উচ্চ আদালতের শরণাপন্ন হন। ওই আবেদনে সবশেষে আপিল বিভাগ মামলা চলার পক্ষে পর্যবেক্ষণ দিয়ে আবেদন নিষ্পত্তি করে দেয়। আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক ও মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুর কাদের। মামলাটি বর্তমানে তিন নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। সেখানে সপ্তম সাক্ষীর জেরা চলছে। সরকারের অনুমতি না নিয়ে এই মামলার কার্যক্রম চলতে পারে না মর্মে যুক্তি দেখিয়ে মামুন বিচারিক আদালতে একটি আবেদন করেছিলেন, যা গত ১৮ অক্টোবর খারিজ হয়ে যায়। ওই আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে হাই কোর্টে রিভিশন দায়ের করেন গিয়াস উদ্দিন আল মামুন। রিভিশন আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। এই রুলে বিশেষ জজ আদালতের বিচারকের খারিজ আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আদেশের পর মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিনিয়র বিচারপতি রুল জারি করেছেন। জুনিয়র বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। এখন আবেদনটি নিয়ম অনুসারে প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি তৃতীয় বিচারপতির কাছে তা পাঠাবেন। সেখানে আবেদনটির নিষ্পত্তি হবে। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপনের কার্যাদেশ তারেক রহমানের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে মামুন খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে তা সিঙ্গাপুর পাচার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯৪২ ঘ.