বরিশাল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত রোমান ফকির নামের এক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সাপার এহসানউল্লাহ।
নিহত রোমান ফকির (২৪) উপজেলার কসবার মিজান ফকিরের ছেলে।
তিনি জানান, সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ডে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
“এদের মধ্যে থেকে রোমানের অবস্থা অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানো চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
রোমান আহত হওয়ার ঘটনায় রাতেই তার মা শামীমা বেগম ১৩ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন।
মামলায় শান্ত ভুঁইয়া ও সাদ্দাম নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫০৬ ঘ.
bdnews24