২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত শ্রমিক প্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতিজনের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

গাজীপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতিজনের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে গাজীপুর সড়ক ভবনের সামনে সমাবেশে তারা আহতদের চিকিৎসা খরচ এবং এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান তারা। গত শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস-এ এক অগ্নিকাণ্ডে অন্তত ১১০ শ্রমিক নিহত হন। গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. দুলাল হোসেন। বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক কমল দেব রানাসহ অন্যরা। সমাবেশে দুলাল দাবি করেন তাজরিন পোশাক কারখানার মালিক-কর্মকর্তারা ওই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। “ব্যাংক ঋণ ও শ্রমিকদের পাওনা এড়াতে এবং ইনস্যুরেন্সের ক্ষতিপূরণ আদায় করার লক্ষ্যেই কারখানায় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।” সমাবেশ শেষে শ্রমিকরা কালো ব্যাজ ধারণ করে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালো পতাকা হাতে নিয়ে মিছিল করে। গাজীপুর সদরের বোর্ড বাজার এলাকায় শ্রমিকরা অনুরূপ কর্মসূচি পালন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৫ ঘ.