২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা কর্ণফুলী থানার সাবেক ওসিকে জেরা

১০ ট্রাক অস্ত্র মামলায় কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমানকে দিনভর জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমানকে দিনভর জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবর রহমানের আদালতে আহাদকে জেরা করেন এনএসআই’র সাবেক প্রধান আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ। আহাদকে পুনরায় জেরার জন্য মঙ্গলবারও দিন রেখেছে আদালত। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের সময় কর্ণফুলী থানার ওসি ছিলেন আহাদ। অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালের ৩ এপ্রিল অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে কর্ণফুলী থানায় দুটি মামলা করেন তিনি। মামলা দুটির বাদী ও প্রথম তদন্ত কর্মকর্তাও তিনি। পরে ওই বছরের ২৪ এপ্রিল পর্যন্ত মামলার তদন্ত কাজ চলাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দুটি চট্টগ্রামের সিআইডিতে হস্তান্তর করেন আহাদ। বর্তমানে অবসর জীবনযাপনে থাকা পুলিশের এ কর্মকর্তা গত ১৫ নভেম্বর আদালতে এই মামলায় সাক্ষ্য দেন। এর আগে আহাদ আলোচিত এ মামলায় আরো দুইবার সাক্ষ্য দিয়েছিলেন। সোমবার জেরার সময় রহিমের আইনজীবী প্রশ্ন করেন, “২০০৫ সালের ৬ জুলাই এবং ২০০৬ সালের ১৭ জানুয়ারি দুইবার আদালতে দেওয়া জবানবন্দিতে আপনি এই ঘটনায় আবদুর রহিমের সংশ্লিষ্টতার বিষয়টি বলেননি।” উত্তরে আহাদ জানান, তখন ‘পরিবেশ পরিস্থিতি ও চাপের’ কারণে বলেননি তিনি। ‘পরিবেশ পরিস্থিতি ও চাপের’ বিষয়টি মামলার এজাহার বা অন্য কোথাও লিপিবদ্ধ করা হয়েছিল কিনা- আইনজীবীর এ প্রশ্নের জবাবে আহাদ বলেন, “পরিস্থিতির কারণেই কোথাও লিপিবদ্ধ করিনি।” জেরায় আইনজীবী ঘটনার রাতে কীভাবে জব্দ তালিকা করা হয়েছিল এ ব্যাপারে জানতে চাইলে আহাদ বলেন, ঘাটে রাখা ট্রলারসহ সবকিছু তল্লাশি শেষে জব্দ তালিকা করেন। এরপরের আইনজীবী প্রশ্ন করেন, “তাহলে একদিন পর আটক ট্রলার এমভি খাজার দান থেকে কীভাবে অস্ত্র পাওয়া গেল?” জবাবে সাক্ষী বলেন, “ট্রলারের ইঞ্জিন নম্বর দেখতে গেলে ইঞ্জিনের ভেতর লুকানো অবস্থায় দুটি এসএমজি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।” গত ১৫ নভেম্বর আদালতে দেয়া বক্তব্যে আহাদ জানিয়েছিলেন, উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ আদালতের নির্দেশে তিনি চট্টগ্রাম সেনানিবাসের অর্ডন্যান্স ডিপোতে জমা দেন। এ বিষয়টি সামনে এনে আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ প্রশ্ন করেন, সেনানিবাসে জমা দেওয়ার সময় কি জব্দ তালিকা অনুসারে সব অস্ত্র ছিল? এর উত্তরে কর্নফুলী থানার সাবেক ওসি জানান, “জব্দ তালিকার চেয়ে ২৪টি হ্যান্ড গ্রেনেড কম ছিল।” জেরা শুরুর আগে দুপুর সোয়া বারটায় এই মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/০০২১ ঘ.