২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে ঢাকার জজের ক্ষমা প্রার্থনা

সরকারি অনুমোদন না নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা আমলে নেয়ায় হাই কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুমোদন না নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা আমলে নেয়ায় হাই কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, এটি ছিল তার ‘অনিচ্ছাকৃত’ ভুল। আগামী ৫ ডিসেম্বর এই বিষয়ে আদেশ দেবে হাই কোর্ট। সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় আসামিদের জামিন আবেদন শুনানিকালে গত ১২ নভেম্বর হাই কোর্ট ওই আইনে করা একাধিক মামলায় অভিযোগ আমলে নেয়ায় ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজকে ব্যাখ্যা জানাতে বলেছিল। সেইসঙ্গে পুলিশ কর্মকর্তাদের ২৬ নভেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ দায়রা জজের লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করেন। সাত পুলিশ কর্মকর্তাও আদালতে হাজির হন। আদালত পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর আদেশের জন্য রেখেছেন। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী কুমার দেবুল দে এবং রাষ্ট্রপক্ষে আরো ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে গাজী মো. মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ঢাকার দায়রা জজ জবাব দিয়েছেন। ইতোমধ্যে গত ১৩ নভেম্বর আমলে নেওয়া ১১৭টি মামলা অনুমোদনে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। এই পত্রের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩১৩ ঘ.