২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় আগুন দেয়ার ‘চেষ্টাকারী’ সুমী রিমান্ডে

আশুলিয়ার পোশাক কারখানা ডেবনেয়ারে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার শ্রমিক সুমী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার পোশাক কারখানা ডেবনেয়ারে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার শ্রমিক সুমী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে গ্রেপ্তার সুমী (২৭) সোমবার ঢাকার হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। সুমীকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, শনিবার সন্ধ্যায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনাটিও ছিল পরিকল্পিত; যাতে অন্তত ১১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আশুলিয়ার গোড়াত এলাকার ডেবনেয়ার ফ্যাশন লিমিটেড থেকে সুমীকে আটক করে রোববার রাতে পুলিশে দেয় কারখানা কর্তৃপক্ষ। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, সিসি ক্যামেরায় ধারণা করা চিত্র দেখে সুমীকে সনাক্ত করেছেন তারা। “সুমী ম্যাচের কাঠি দিয়ে গার্মেন্টসের কাপড়ে আগুন দেয়। আগুন জ্বলতে দেখে অন্য শ্রমিকরা তা নিভিয়ে ফেলে এবং সুমীকে আটক করে।” সুমী প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই কারখানার অন্য এক কর্মী জাকির হোসেনকে দায়ী করেন বলে জানান পুলিশ সুপার। “সুমী জানিয়েছেন, আগুন ধরিয়ে দেয়ার জন্য জাকির তাকে ২০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখায়। যদি সে এ কাজ না করত, তাহলে তার স্বামীকেও মেরে ফেলার হুমকি দেয়া হয়।” সুমির দেয়ার তথ্যে জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমীর মতো তাকেও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে হাবিবুর রহমান জানান। সুমী ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ তার বক্তব্যের সত্যতা তদন্ত করে দেখবে বলে এসপি জানান। সোমবার বিকালে ঢাকা মহানগর আদালতের বিচারিক হাকিম ওয়াসিম শেখের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুমী। ওই আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানার অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০ হাজার টাকার বিনিময়ে প্ররোচিত হয়ে সুমী নিজে কারখানায় আগুন ধরানোর চেষ্টা করার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এইচএএইচ/এমআই/২৩০৮ ঘ.