২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল আইন সংশোধন

বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য ৫ সদস্যের কমিটি গঠনের বিধান রেখে সংশোধিত আইন সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য ৫ সদস্যের কমিটি গঠনের বিধান রেখে সংশোধিত আইন সংসদে পাস হয়েছে। বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থকদের পরাজয়ের পর বিরোধী দল সমর্থক আইনজীবীদের আপত্তির মধ্যে সরকার আইন সংশোধনের এই উদ্যোগ নেয়। আইনমন্ত্রী শফিক আহমেদ সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশিনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে ১৫ অক্টোবর অধ্যাদেশটির অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংসদ অধিবেশর না থাকায় গত ২২ অক্টোবর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। সংবিধানের বিধান অনুযায়ী, গত ১৪ নভেম্বর অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হয়। সংশোধিত আইনে জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসাবে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে সংশোধিত আইনে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। এছাড়া হাই কোর্টের দুইজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য এনরোলমেন্ট কমিটির সদস্য হিসাবে থাকবেন। এর মধ্যে হাই কোর্টের দুই বিচারককেও প্রধান বিচারপতি মনোনীত করবেন। আগের আইনে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা ছিল তিনজন। এদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের মনোনীত সদস্য। নতুন আইনে বার কাউন্সিলকে নিজস্ব প্রয়োজনে বিধি প্রণয়নের ক্ষমতাও দেয়া হয়েছে। তবে এজন্য তাদের আগে সরকারের অনুমোদন নিতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য কমিটি গঠনের বিধিতে ‘অস্পষ্টতা’ দূর করতে আইন সংশোধন হয়েছে। তবে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেনসহ সরকারবিরোধী আইনজীবীরা এই কমিটিতে বিচারকের সংখ্যা বেশি হওয়ায় তার সমালোচনা করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/এমআই/২১৪৬ ঘ.