সাতক্ষীরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে নীলকন্ঠপুর গ্রামের শাহীন রহমানের (৩৫) স্ত্রী সেলিনা বেগমের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সেলিনার বাবা উপজেলার বাটরা গ্রামের মুনছুর রহমান গাজী সাংবাদিকদের বলেন, সেলিনার বিয়ে হয়েছে ১৪ বছর আগে। সে সময় থেকে তার স্বামীকে কয়েকদফা যৌতুক দেয়া হয়েছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।
সর্বশেষ গত ২৪ নভেম্বর শাহীনকে ২০ হাজার টাকা দেয়া হয় বলে জানান মুনছুর।
তিনি আরো বলেন, শাহীনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীন স্ত্রীকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন মুনছুর।
তিনি বলেন, “হত্যার পর একে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ওড়না দিয়ে বেঁধে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়।”
শাহীন ও সেলিনার দুটি সন্তান রয়েছে বলে জানান মুনছুর।
কলারোয়া থানার ওসি শিকদার আকক্াছ আলী সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সেলিনার বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। শাহীনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৯ ঘ.
bdnews24