সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে আগুনে হতাহতের ঘটনা তদন্তে ঘটনাস্থল ঘুরে দেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল।
তদন্তদলের প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, এতো মানুষের মৃত্যুর কারণ, ঘটনায় মালিকপক্ষের গাফিলতি আছে কি না, ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করেছে কি না এবং তাদের সব সরঞ্জাম ঠিক মতো ছিল কি না সেসব বিষয় খতিয়ে দেখছেন তারা।
তিনি বলেন, “আমরা শ্রমিকের পক্ষে। তদন্তে মালিকপক্ষের কোনো ধরনের অবহেলা বা দোষ থাকলে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনা হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আগেও অনেক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি রিপোর্ট দিলেও কোনো ‘কাজের কাজ’ হয়নি।
“এবার আমরা তা করে দেখাব”, বলেন তিনি।
অগ্নিকাণ্ডের সময় মোট কত জন শ্রমিক কারখানায় ছিল, তাদের মধ্যে কত জন নিহত হয়েছে এবং এখনো কতোজন নিখোঁজ রয়েছে সে তালিকা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী কী করণীয়- সে বিষয়েও সুপারিশ করবে তদন্ত কমিটি।
কতোদিনের মধ্যে তদন্ত শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, “এখনই এটা বলা যাচ্ছে না। তবে সরকার আমাদের ১৫ দিনের সময় দিয়েছে।”
চার সদস্যের এই কমিটির অন্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা উত্তরা শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (অগ্নি) সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
শনিবার রাতে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনা খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক্রপতিনিধি/এএইচ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24