ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এজন্য ‘গণকর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১২-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে এটিকে আর মন্ত্রিসভায় উপস্থাপনের প্রয়োজন হবে না।
“তবে এটি যেহেতু একটি অর্থ বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হবে, সেজন্য এ আইনটিতে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এ আইনটিকে সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে”, বলেন সচিব।
তিনি জানান, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মান হিসেবে ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স দু’বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছিল। কিন্তু ২০১১ সালের ২৬ ডিসেম্বর সরকার সব সরকারি চাকরিজীবীর অবসরের বয়স দু’বছর বাড়িয়ে ৫৯ বছর করলে মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়স আবার বাড়ানোর প্রয়োজন দেখা দেয়।
“তাই সরকার বিষয়টি পর্যালোচনা করে মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসরের বয়স আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে ২১ নভেম্বর চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তামাক আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিসভায় ধুমপান ও তামাকজাত পণ্যের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এর আগে গত ২৭ অগাস্ট আইনের খসড়াটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায়। চূড়ান্ত অনুমোদনের পর এখন আইনটি পাস করার জন্য সংসদে পাঠানো হবে।
বাংলাদেশ পিওর ফুড (সংশোধন) আইন ফেরৎ
মন্ত্রিসভার সোমবারের বৈঠকে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল’ গঠন প্রক্রিয়া পরিবর্তনে আনা ‘বাংলাদেশ পিওর ফুড (সংশোধন) আইন’-এর সংশোধনী প্রস্তাব ফেরৎ পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অত্যন্ত পুরোনো এ আইনটিকে যুগোপযোগী এবং আধুনিক করতে খাদ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এজন্য নতুন করে আইনটি প্রণয়ন ও চূড়ান্ত করতে দুই মাস সময় দেয়া হয়েছে। স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করে তারা আইনের সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করবে।
সচিব বলেন, বর্তমান আইনে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল’ গঠিত হয় স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে। কিন্তু খাদ্য, বাণিজ্য অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও এ কাউন্সিলের সদস্য থাকেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় বাণিজ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রীকে এর প্রধান করার প্রস্তাব করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫১৩ ঘ.
bdnews24