২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

রাজধানীর মিরপুরে পুলিশের এক কনস্টেবল নিজের অস্ত্র থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করেছেন বলে কাফরুল থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পুলিশের এক কনস্টেবল নিজের অস্ত্র থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করেছেন বলে কাফরুল থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। নিহত নাম মো. সুজন মিয়া (২০) পুলিশের পাবলিক ওর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় নিয়োজিত ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১৪ নম্বরে পিওএম-এর দপ্তরে এ ঘটনা ঘটে বলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান। তিনি জানান, রাতে মহাখালী এলাকায় দায়িত্ব পালন শেষে সকালে অস্ত্র জমা দেওয়ার আগে নিজের রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করেন সুজন। “গুলি তার থুতনির নিচের অংশে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টার সুজন মারা যান, ” বলেন তিনি। সুজনের বাবা সিদ্দিক হোসেনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পুলিশে যোগ দেন সুজন। এরপর থেকে চাকরি ভাল লাগে না বলে স্বজনদের জানান তিনি। সুজনের সহকর্মীরা জানান, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ায় তিনি বিষাদগ্রস্ত ছিলেন। সুজনের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৪৪৭ ঘ.