ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের একদিন বাদে দক্ষিণ খানে আরেকটি পোশাক কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি।
উত্তরার পূর্ব পাশে দক্ষিণ খানে ১০ তলা ভবন আসলাম কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।
ওই ভবনে সোয়ান গার্মেন্টস, ম্যাককয় সোয়েটার লিমিটেড ও স্যার ডেনিম লিমিটেড নামের তিনটি পোশাক কারখানা রয়েছে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মো. শহীদুল্লাহ।
তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিভে গেলেও এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।”
এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে অগ্নিনির্বাপককর্মীদের সহায়তা করতে গিয়ে স্থানীয় এক যুবককে অচেতন হয়ে পড়তে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার।
অগ্নিনির্বাপক কর্মী আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের সামনের দিকে আগুন লাগলেও পেছনের অংশ অক্ষতই রয়েছে।
দ্বিতীয় তলায় সোয়ান গার্মেন্টসের গুদাম থেকেই আগুনের সূত্রপাত বলে অগ্নিনির্বাপক কর্মীদের ধারণা।
তবে দ্বিতীয় তলায় ওই গুদামের পাশের একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পরে তা নাকচ করেন অগ্নিনির্বাপক বাহিনীর মহাপরিচালক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জেনারেটর বা ভবনের পাশের বৈদ্যুতিক ট্রান্সফর্মারের সঙ্গে দ্বিতীয় তলার এই গুদামের কোনো সম্পর্ক নেই।”
“গুদামে বৈদ্যুতিক সংযোগ না থাকার বিধান থাকলেও এখানে তা রয়েছে। এখানে বৈদ্যুতিক বাতি ও পাখায় সংযোগ রয়েছে। তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত কি না তা খতিয়ে দেখা হবে।”
আবার এই ঘটনা নাশকতা হওয়ার বিষয়টিও উড়িয়ে দেয়া যাচ্ছে না জানিয়ে মহাপরিচালক বলেন, “তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি জানান, শুধু দোতলায় আগুন লাগে এবং স্থানীয়দের সহায়তায় অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আর কোনো তলায় ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি।
আগুন লাগার পরপরই দোতলায় অবস্থানরত শ্রমিকদের অধিকাংশই ছাদে উঠে যায়, আগুন নেভানোর পর নিচে নেমে আসেন তারা।
আনোয়ার হোসেন নামে স্থানীয় এক মুদি দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার সময় সেদিক দিয়ে বিদ্যুতের একটি গাড়ি যাচ্ছিল। দমকল বাহিনীর গাড়ি আসার আগেই স্থানীয়রা বিদ্যুতের গাড়ি থেকে মই নামিয়ে পাশের একটি ভবনে লাগিয়ে শ্রমিকদের নামিয়ে আনে।
সোয়ান গ্রুপের ক্যাশিয়ার তপন রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে ভবনে আগুন লাগে কাছাকাছি তাদের অন্য একটি কারখানা রয়েছে। সেই কারখানা থেকে পানি এনে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরেই অগ্নিনির্বাপক বাহিনী আসে।
অগ্নিনির্বাপক বাহিনীর এক এক সদস্য জানান, স্থানীয়রা তাদের যথেষ্ট সহায়তা করেছে। তাদের কেউ মাস্ক পরে ফ্লোরের ভেতর ঢুকে আগুন নেভানোর কাজ করতে দেখা গেছে।
আগুনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী সাহারা খাতুন বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কমিশনার বেনজীর আহমেদও সেখানে যান।
পরে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে হবে। বিশেষ করে শ্রমিকদের গ্রুপবীমা করাটা জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/এএইচ/জেকে/এমআই/১৮২৬ ঘ.
bdnews24