২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফটকে ছিল তালা’

তাজরিন ফ্যাশনসের বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের অভিযোগ, ফায়ার এলার্ম বেজে উঠলেও তা ‘নষ্ট’ বলে কলাপসিবল গেইট আটকে দেয় কর্মকর্তারা। জানাচ্ছেন সেলিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে আগুন লাগার সময় কলাপসিবল গেইটে তালা থাকায় হতাহতের সংখ্যা এত বেড়েছে বলে অভিযোগ করেছেন বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক, যারা লাফিয়ে বেরিয়ে আসেন। শনিবার রাতে সাভারের নিশ্চিন্তপুরে ওই কারখানায় অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে নিহত হন ১১০ জন, যাদের প্রায় সবাই পুড়ে মরেছেন। তাজরিন ফ্যাশনসের শ্রমিক মোহাম্মদ রিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনার সময় ফায়ার এলার্ম বেজে উঠে। তখন আমরা আগুন লেগেছে ভেবে নামতে গেলে কর্তৃপক্ষ বলে কিছু হয়নি। এলার্ম নষ্ট হয়ে গেছে।” “ঠিক করে দিচ্ছি বলেই কলাপসিবল গেইটে তালা এঁটে দিয়ে কাজ করতে বলে শ্রমিকদের।” নয় তলা ওই ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন রিপু। নিচতলায় লাগা আগুন কিছু সময়ের মধ্যে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। তখন প্রাণ বাঁচাতে অনেক শ্রমিক ওপর থেকে লাফ দেন। এর মধ্যে নয়জন মারাও যান। আর বেঁচে যাওয়াদের মধ্যে একজন রিপু, তবে সামান্য আহত হয়েছেন তিনি। “আগুনের তাপ আসতে থাকলে আমরা কয়েকজন স্যাম্পল রুমের ভেতর ঢুকে জানালা দিয়ে লাফিয়ে বের হই।” নাজমুল নামের আরেক শ্রমিকও জানান, কলাপসিবল গেইটে তালা দেখে তিনতলার জানালা ভেঙে তিনি লাফিয়ে পড়েন। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন নারী শ্রমিক মিলি আক্তারও। টিন শেড একটি ঘরের চালে তিনি পড়েন। দেহের বিভিন্ন অংশ কেটে গেলেও প্রাণে বেঁচে যাওয়ার আনন্দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময়ও অঝোরে কাঁদছিলেন মিলি। তিনিও বলেন, “ফায়ার এলার্ম বাজলেওর্ র্কতৃপক্ষ বের হতে দেয়নি। ফায়ার এলার্ম নষ্ট হয়েছে বলে গেইটে তালা লাগিয়ে দেয়।” মো. স্বপন নামে আরেক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিচালকের পিয়ন কামরুল কলাপসিবল গেইটে তালা এঁটে দেন। পঞ্চমতলার ফিনিশিং সেকশনের আয়রনের কাজ করেন স্বপন। ভবনের দক্ষিণ পাশের জানালার গ্রিল ভেঙে বের হয়ে বাঁশ বেয়ে নিচে আসেন বলে তিনি জানান। নয় তলা ওই ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা বা এই ধরনের কোনো সিঁড়ি ছিল না। আস্তর লাগানোর জন্য ভবনের দক্ষিণ দেয়ালে বাঁশের মাচা ঝোলানো ছিল, ওই মাচা দিয়ে অনেকে নেমে আসেন বলে স্থানীয়রা জানায়। পোশাক কারখানায় তালা লাগানোর অভিযোগ বহু পুরনো। ২০০৬ সালে কেটিএস টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে আগুনের সময় তালা দেয়ার কথা আদালতে স্বীকার করেছিলেন এর মালিকরা। কেটিএসে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল ৫৪ জন, যার ৪০ জনের লাশ পাওয়া গিয়েছিল ফটকের সামনে। এই বিষয়ে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশনের সভাপতি নাজমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিকরা শ্রমিকদের মূল্যায়ন করে না। তাদের দৃষ্টিতে শ্রমিকরা যেন চোর। “যে কারণে কারখানার দরজা, প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। আর তাতে আগুন লাগলে শ্রমিকরা অবরুদ্ধ হয়ে মারা যায়। এটা এক ধরনের হত্যাকাণ্ড।” তাজরিন কারখানায় তালার যে অভিযোগ শ্রমিকরা করেছে, সে বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ কথা আমরা শুনছি। তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।” তাজরিনের অগ্নিকাণ্ড তদন্তে তিনটি কমিটি করেছে। একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে, একটি পুলিশের পক্ষ থেকে এবং একটি অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে। তাজরিন ফ্যাশনসের শ্রমপরিবেশ নিয়ে তাদের পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ওয়াল-মার্টেরও অসন্তোষ ছিল। ওয়াল-মার্টের গত বছরের এক নিরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমআই/২২০৫ ঘ.