২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক স্বপ্নই পূরণ সম্ভব হচ্ছে না: কাদের

শেষ সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে অনেক স্বপ্নই পূরণ না হওয়ার হতাশা ব্যক্ত করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গাজীপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে অনেক স্বপ্নই পূরণ না হওয়ার হতাশা ব্যক্ত করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার গাজীপুরের কালিয়াকৈরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মন্ত্রী কালিয়াকৈরে-ফুলবাড়ীয়া সড়কে চাপাইর এলাকায় তুরাগ নদীর উপর যান চলাচলের অনুপযোগী একটি বেইলি ব্রিজ পরিদর্শন করেন। আওয়ামী লীগ সরকারের তিন বছর পার হওয়ার পর গত বছরের ৫ ডিসেম্বর ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ওবায়দুল কাদের বলেন, “আমি এমন সময়ে দায়িত্বে এলাম যখন সময় একেবারেই শেষ। এত অল্প সময়ে আমার অনেক স্বপ্নই পূরণ করা সম্ভব হবে না।” তিনি বলেন, জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত আধুনিক যোগাযোগের প্রকল্প বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) আগামী বছরের জুন-জুলইয়ে চালু করা হবে। এর জন্য অতিরিক্ত কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। রাস্তার মাঝ দিয়েই আর্টিকুলেটেড বাস চলবে। এতে সড়কে জনগণের দুর্ভোগ কম হবে। কালিয়াকৈরের চাপাইর এলাকায় তুরাগ নদীর যান চলাচল অনুপযোগী বেইলি ব্রিজটির অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি গাজীপুর সড়ক ও জনপথ বিভাগকে আগামী ২০ দিনের মধ্যে সেতুটি মেরামতের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের এই শেষ সময়ের মধ্যে নতুন করে সেতুটি নির্মাণ সম্ভব হবে না। তবে ভেঙ্গে যাওয়া স্থান মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে যান চলাচল করতে পারে। পরবর্তীতে সুযোগ হলে নতুন করে ব্রিজটি নির্মাণের আশ্বাস দেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আকম মোজাম্মেল হক, গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ নওয়াজ দিলরুবা খান, সড়ক ও জনপথর বিভাগের উপ-প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.