সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার একটি কারখানায় আগুন ধরানোর চেষ্টার অভিযোগে দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে গোড়াত এলাকার দেবনিয়ার ফ্যাশন লিমিটেড থেকে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেন (২৬) ও সুমী বেগম (২৭) নামে ওই দুই শ্রমিককে কারখানা কর্তৃপক্ষই ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ শ্রমিকের প্রাণহানির মধ্যেই এই ঘটনা ঘটল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কী কারণে শ্রমিকরা আগুন দেয়ার চেষ্টা করেছে, তা এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কারখানা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ম্যাচের কাঠি দিয়ে তারা ফ্লোরে থাকা তৈরি প্যান্টে আগুন লাগানোর চেষ্টা করে। এতে কয়েকটি প্যান্ট পুড়ে যায়।”
দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০১৩০ ঘ.
bdnews24