২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে হরতাল প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

দিনাজপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর দিনাজপুরের ফুলবাড়ীতে হরতাল প্রত্যাহার করে নিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। উন্মুক্ত কয়লা খনির পক্ষে তৎপরতা বন্ধ এবং এশিয়া এনার্জিবিরোধী সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার দিনব্যাপী হরতালের পর বিকালে নিমতলা মোড়ে সমাবেশ থেকে রোববারও হরতাল ডাকে কমিটি। রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছিল। দুপুর ২টার পর কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকে তাদের দাবি পূরণের আশ্বাসে হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ফুলবাড়ী সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে চলে ওই বৈঠক। এতে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার ময়নুল ইসলাম, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্তের নেতৃত্বে একটি দল এবং ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি ও পেশাজীবি সংগঠনের নেতা ফুলবাড়ী পৌর মেয়র মানিক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দ সাইফুল ইসলাম বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির কার্যালয় প্রত্যাহার, ছয় দফা চুক্তি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।” ২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং উত্তোলনকারী কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল। এছাড়া আহত হন দুই শতাধিক। ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়। ওই সময় স্বাক্ষরিত ছয় দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার। নিহত ও আহতদের কিছু ক্ষতিপূরণ ও মামলাও প্রত্যাহারের দাবি পূরণ হলেও অন্য দাবিগুলো পূরণ হয়নি; যদিও ওই ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাও ফুলবাড়ীতে এক জনসভায় চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পক্ষে বলে আসছেন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে গত মাসের ১৪ অক্টোবর ফুলবাড়ী কয়লাখনি এলাকায় একাধিক জরিপকাজে এশিয়া এনার্জিকে সহায়তা করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, কোম্পানিটি পূর্ববর্তী অনুসন্ধানের কার্যকরিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনি লিজ থাকায় তাদের এসব কাজ করার অধিকার আছে। তবে রোববারের বৈঠকে ওই চিঠির কোনো কার্যকারিতা না থাকার কথা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ সাইফুল ইসলাম। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, “আন্দোলনকারী জনতার দাবি অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহার করা হবে। এছাড়া একই সময়ের মধ্যে ৬ দফা ফুলবাড়ী চুক্তির বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে।” তিনি ঘোষনা দেন কয়লা উত্তোলন ও জরিপ বিষয়ে এশিয়া এনার্জির সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের কোন চুক্তি হয়নি। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা চিঠির কোন কার্যকারিতা নেই। এদিকে এই বৈঠকের আগে সকালে হাজার হাজার নারী-পুরুষ হরতালের সমর্থনে ঢাকা মোড়, নিমতলা মোড়, বাস স্ট্যান্ড, বাজার রোডসহ শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নেয়। পরে তারা মিছিল নিয়ে ডাক বাংলোর সামনে যায়। আন্দোলনকারীরা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। সকাল থেকে সব ধরনের যানবাহন বন্ধ থাকলেও হরতাল প্রত্যাহারের ঘোষণা পেয়ে দুপুর আড়াইটা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন আমাদের দিনাজপুর প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/এএল/১৫১৮ ঘ.