ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় নিশ্চিতপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রোববার সকালে সাংবাদিকদের জানান, সরকার প্রধান এই অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পবিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনে এ আগুন লাগে। অগ্নিনির্বাপণ বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার ব্রিগেড বলছে, এ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে প্রেস সচিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১০৩২ ঘ.
bdnews24