২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী রোববার থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 07:41 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের ঘোষণা অনুযায়ী রোববার থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের যৌথ আয়োজনে এ পক্ষের আওতায় কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রসহ বিভিন্ন পর্যায়ে মানববন্ধন, গণসমাবেশ, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে প্রজন্ম সংলাপ এবং ‘গুড প্রাকটিস অ্যাওয়ার্ড’। শনিবার নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এসব তথ্য জানান। শিরিন শারমিন বলেন, জাতিসংঘের আহ্বানে বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে পক্ষব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এবার ‘পরিবারে শান্তি, সমাজ ও বিশ্বে শান্তি আনে’ প্রতিপাদ্য নিয়ে এবার এ পক্ষ পালন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সরকার, জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে। আগামী ২৭ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে মানববন্ধন এবং ২৮ নভেম্বর চট্টগ্রামের পটিয়া কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এসময় সকল বিভাগীয় শহরেও আন্তঃপ্রজন্ম সংলাপ ও নির্যাতন প্রতিরোধে ১২ জনকে ‘গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড’ দেয়া হবে। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ২৯ নভেম্বর রাজশাহীতে, ১ ডিসেম্বর রংপুরে, ৪ ডিসেম্বর খুলনায়, ৭ ডিসেম্বর বরিশালে, ১১ ডিসেম্বর চট্টগ্রামে, ১৫ ডিসেম্বর সিলেটে ও ২০ ডিসেম্বর ঢাকায় প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী নিল ওয়াকারও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এএল/০১৩৭ ঘ.