চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভাঙা গার্ডার ও উদ্ধার কাজ দেখতে গিয়ে দেয়াল ধসে ১২ জন আহত হয়েছেন।
পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, রাত ১০ টার দিকে বহদ্দার বাড়ি মসজিদের দেয়ালটি ভেঙে পড়ে। প্রায় ৩০ ফুট দীর্ঘ দেয়ালটির ভেঙে পড়া অংশে চাপা পড়ে আহত হন ১২ জন।
ওই দেয়ালের ওপর আশেপাশের এলাকায় প্রায় পাঁচশ লোক অবস্থান নেয়। বেশ কয়েকবার সতর্ক করেও তাদের সেখান থেকে সরানো যাচ্ছিল না। এক পর্যায়ে মানুষের চাপে দেয়ালটি ভেঙে পড়ে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার বাড়ি অংশের ১২ ও ১৩ নম্বর পিলারের মধ্যবর্তী তিনটি গার্ডার ভেঙে পড়ে। গার্ডার চাপায় শেষ খবর পাওয়া পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়দের ধারণা, গার্ডারের নিচে অর্ধশাতাধিক চাপা পড়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/টিএইচ/এমসি/এএল/২৩৪৫ ঘ.
bdnews24