বরিশাল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তিনদিন পর শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বিকাল ৪টায় তারা কাজে যোগ দেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস আলম শিবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন যৌথ সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।
তিনি বলেন, এর আগে সকালে নবিশ চিকিৎসকের উপর হামলাকারী রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্য মামুনুর রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে একটি পত্র পাঠানো পর তারা এই সিদ্ধান্ত নেন।
ইন্টার্নি ডক্টরস্ অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী হাসান বলেন, চিকিৎসককে মারধরকারী পুলিশ সদস্যকে প্রত্যাহার করায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে ওই পুলিশের সঠিক বিচার না হলে আবার ধর্মঘট ডাকা হবে।
হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে স্বজনরা কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করে। এর জেরে বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৬ ঘ.
bdnews24