২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ: যুবলীগ নেতা জুয়েল রিমাণ্ডে

কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা আমিনুল হক ওরফে মোল্লা জুয়েল ও আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা আমিনুল হক ওরফে মোল্লা জুয়েল ও আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান উজ্জ্বল তাদের হেফাজতে নেয়ার আদেশ দেন। ওই আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের হেফাজত চাইলে আদালত তিন দিনের হেফাজত মঞ্জুর করে। পরাগ অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের সুভাঢ্যার পূর্বপাড়ার একটি বাড়ি থেকে জুয়েলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর গত মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয় আলামিনকে। এ অপহরণ মামলায় এ পর্যন্ত নয় জনকে আদালতে হাজির করেছে পুলিশ। এদের মধ্যে আলী রিফাত, জাহিদুল ইসলাম ও কালা চাঁদ গত ১৬ নভেম্বর জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরাণীগঞ্জের সুভাঢ্যা পশ্চিমপাড়া থেকে হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তার মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও তাদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তারা। অপহরণের তিন দিন পর কেরাণীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরাগকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/এএল/২২২০ ঘ.