ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মানের একটি আলোকচিত্র শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ‘কাউন্টার ফটো’ নামে একটি প্রতিষ্ঠান।
শুক্রবার নতুন ফটোগ্রাফি বিভাগ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে দেশের পাঁচ আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শনের পাশাপাশি নারী আলোকচিত্রী সাইদা খানমকে দেয়া হয় ‘কাউন্টার ফটো অ্যাওয়ার্ড’।
প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এন্ড্রু বিরাজ বলেন, “পৃথিবী বিখ্যাত সব আলোকচিত্র শিল্পী পর্যায়ক্রমে এই শিক্ষালয়ে এসে বিশ্বের আলোকচিত্র চর্চা, শিক্ষণ ও বিকাশকে এক নতুন ধাপে নিয়ে যাবে এমনটাই আশা।”
অন্যদের আলোকচিত্রী আনোয়ার হোসেন, ডেভিড বারিকদার ও নাসির আলী মামুন বক্তব্য রাখেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে প্রতিবছর একজন করে আলোকচিত্র শিল্পীকে এই শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ পুরস্কার দেয়া হবে।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর কাউন্টার ফটো আলোকচিত্র শিল্প, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২২৩৮ ঘ.
bdnews24