চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুলতান আহমেদ ইমন (২৬) বন্দরনগরীর খুলশী থানার লালখান বাজারের তুলা পুকুরপাড় এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি মোবাইলে ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জমিয়াতুল ফালাহ মাঠ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানান পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইমনের পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “বন্ধুদের মধ্যে অর্থ দেনা-পাওনা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় শুক্রবার ইমনের বড় বোন সুরাইয়া বেগম আকাশী বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৭২৭ ঘ.
bdnews24