২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভর্তিযুদ্ধে’ অংশ নিলেন চিকিৎসক হতে আগ্রহীরা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘড়ি সদৃশ মোবাইল ফোনে পরীক্ষার্থীর কাছে এসএমএসের মাধ্যমে উত্তর পাঠানোর ঘটনা ধরা পড়ার পর এ ব্যবস্থা নেয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক হতে আগ্রহী ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী শুক্রবার দেশের মেডিকেল ও ডেন্টল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, যাদের মধ্যে শেষ পর্যন্ত মাত্র আট হাজার ৪৯৩ জন ভর্তির সুযোগ পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের ২৩টি কেন্দ্রে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা হয়। এ বছর দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টি আসনে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ৫৬৭টি আসন এবং ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটের ৮৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বিডিএস কোর্সে। প্রতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে সরকারের বাড়তি মনোযোগ থাকলেও এবার ভর্তি পদ্ধতি সংস্কারের উদ্যোগ ঠেকাতে শিক্ষার্থীদের আন্দোলন এবং নকল ঠেকাতে পরীক্ষার হলে ঘড়ি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে আলোচনা নতুন মাত্রা পায়। গত ১২ অগাস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দিলে সারা দেশে আন্দোলন শুরু করে মেডিকেল ভর্তিচ্ছুরা। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেও গড়ায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। গত ১০ সেপ্টেম্বর আদালত পরীক্ষা নিয়ে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিলে সরকার ২৩ নভেম্বর পরীক্ষার দিন রাখে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় গত অক্টোবরে ১০ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই জালিয়াত চক্রের সদস্যরা শিক্ষার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে তাদের ঘড়ি সদৃশ মোবাইল ফোন সরবরাহ করতো এবং পরীক্ষা চলাকালে কেন্দ্রে ওই মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রশ্নের উত্তর জানিয়ে দিতো। এই পরিপ্রেক্ষিতে মেডিকেলের ভর্তি পরীক্ষায় হলে ঘড়ি ব্যবহার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) শাহ আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো তারা এই ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যার মুখোমুখি না হন, সেজন্য পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ‘পর্যাপ্ত সংখ্যক ঘড়ি’ বসানো হয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১১১৫ ঘ.